বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি, জলবায়ু ও কৌশলগত অংশীদারিত্বসহ বহুমাত্রিক সহযোগিতা আরও বাড়াতে গভীর আগ্রহ প্রকাশ করেছে ফ্রান্স। সম্প্রতি বাংলাদেশে সফল ও শান্তিপূর্ণভাবে জাতীয় নির্বাচন সম্পন্ন হওয়ার পর দুই দেশের সম্পর্ক এক নতুন গতি লাভ করেছে বলে মনে করছে প্যারিস।
মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকায় ফরাসি দূতাবাসে ফ্রান্সের জাতীয় ও বাস্তিল দিবস উপলক্ষে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এসব কথা বলেন ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ।
ফরাসি রাষ্ট্রদূত তার বক্তব্যে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রশংসা করে বলেন, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ আবারও গণতান্ত্রিক বিশ্বের প্রথম সারিতে নিজের স্থান সুদৃঢ় করেছে। গণতন্ত্রের প্রতি এ দেশের সাধারণ মানুষের যে অবিচল।
তিনি আরও জানান, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিশেষ দায়িত্ব দিয়ে তাকে বাংলাদেশে পাঠিয়েছেন। এই লক্ষ্য পূরণে ব্যবসায়ী, শিক্ষার্থী, গবেষক ও শিল্পীদের পারস্পরিক মেলবন্ধন ও যোগাযোগ বাড়াতে চায় ফ্রান্স।
উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা অর্জনে বাংলাদেশের দীর্ঘদিনের সহযোগী ফ্রান্স। রাষ্ট্রদূত জানান, ২০১২ সাল থেকে এ পর্যন্ত ফরাসি উন্নয়ন সংস্থা (AFD) বাংলাদেশকে প্রায় ২০০ কোটি ইউরো ঋণ সহায়তা দিয়েছে।
উল্লেখ্য, এই ঋণের ৮০ শতাংশেরও বেশি অর্থ ব্যয় হচ্ছে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং জীববৈচিত্র্য রক্ষার বিভিন্ন প্রকল্পে।
ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি রক্ষা, অবাধ নৌচলাচল নিশ্চিত করা এবং স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার মনে করে ফ্রান্স।
এর পাশাপাশি দুই দেশের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), আধুনিক প্রযুক্তির উদ্ভাবন এবং সমুদ্র সুরক্ষায় সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছেন ফরাসি রাষ্ট্রদূত।
বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের পরবর্তী সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের নির্বাচিত হওয়া বাংলাদেশের জন্য এক বিশাল গৌরব ও অর্জন। পারস্পরিক স্বার্থ ও সমমর্যাদার ভিত্তিতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও বহুদূর এগিয়ে যাবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
ইউ